Sunday, 23 August 2026 11:20:17 PM লাইভ
জেলা নির্বাচন করুন মোট ৬৪টি জেলা
নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে পড়ল ১০ চাকার ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা
সর্বশেষ

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে পড়ল ১০ চাকার ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা

awlad  •  2 months আগে

প্রজ্ঞা নিউজ ডেস্ক | নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে একটি ১০ চাকার পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মসজিদে সজোরে ধাক্কা দিয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেলেও ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) ভোরে কুসুম্বা এলাকার মহাসড়কসংলগ্ন একটি মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা মসজিদ থেকে বের হয়ে প্রধান ফটকে তালা দিচ্ছিলেন। ঠিক সেই সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ১০ চাকার পণ্যবোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মসজিদের দেয়ালে সজোরে আঘাত হানে।

মুসল্লিরা কয়েক সেকেন্ড আগেই মসজিদ থেকে বের হয়ে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকে রক্ষা পান। স্থানীয়দের ভাষায়, মুহূর্তের ব্যবধানে ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তারা ট্রাকের কেবিনে আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার আল আমিন এবং তানোর উপজেলার শাওন

ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকের প্রচণ্ড আঘাতে মসজিদের সামনের অংশ ধসে পড়ে এবং দেয়াল ভেঙে ভেতরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ট্রাকটিও দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত মসজিদ ও দুর্ঘটনাকবলিত ট্রাক দেখতে স্থানীয়দের ভিড় জমে। এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর

সরাসরি খবর পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইমেইলে পান