স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় হাজার হাজার একর জমি
awlad • 1 week আগে
২০২১ সালে অনুমোদন, পাঁচ বছরেও শুরু হয়নি নির্মাণকাজ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার টুংগিবাড়িয়ার কাটাখালী খালে স্লুইজ গেট না থাকায় জলাবদ্ধতার সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষকরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিনটি মৌজার হাজার হাজার একর ফসলি জমিতে সময়মতো চাষাবাদ করা যাচ্ছে না। অতিরিক্ত বৃষ্টিতে প্রতিবছরই জমিতে পানি জমে ফসলের ক্ষতি হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।
দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে দ্রুত স্লুইজ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল ৫টায় কাটাখালী হাইস্কুলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, কাটাখালী খালটি ২০১৯ সালে খনন করা হয়। তবে খননের পর যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় খালের বিভিন্ন অংশে জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে পানিপ্রবাহ অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে স্লুইজ গেট না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগও নেই। ফলে সামান্য বেশি বৃষ্টি হলেই আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
কৃষকদের দাবি, চলতি বছর অতিরিক্ত বৃষ্টির কারণে এরই মধ্যে বিস্তীর্ণ এলাকার জমিতে পানি জমেছে। এতে জমি প্রস্তুত, চাষাবাদ ও ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘসময় পানি জমে থাকায় অনেক জমিতে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই পরিস্থিতি প্রতিবছর তৈরি হওয়ায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।
মানববন্ধনে কৃষক মো. সোলেমান হাওলাদার ও জিসান মাহমুদ বলেন, কাটাখালী খালে স্লুইজ গেট নির্মাণের অনুমোদন ২০২১ সালেই হয়েছে বলে তারা জানতে পেরেছেন। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। দ্রুত স্লুইজ গেট নির্মাণ করা হলে জমির পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষকরা নির্ধারিত সময়ে চাষাবাদ করতে পারবেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কাটাখালী খালের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর না থাকায় তিনটি মৌজার ফসলি জমিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে কৃষকরা সময়মতো জমি চাষ করতে পারছেন না এবং ফসলের উৎপাদন কমে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। কৃষকদের দুর্ভোগ কমাতে দ্রুত স্লুইজ গেট নির্মাণের দাবি জানান তারা।

এ সময় কৃষকরা পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি, এলাকার কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে স্লুইজ গেট নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ্ আলম বলেন, স্লুইজ গেট নির্মাণ প্রকল্পের নকশা অনুমোদিত হয়েছে এবং ব্যয় প্রাক্কলনও প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, স্লুইজ গেট নির্মাণ হলে খালের পানি নিয়ন্ত্রণের পাশাপাশি ফসলি জমি থেকে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষিকাজেও গতি ফিরবে। তাই দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে স্লুইজ গেট নির্মাণকাজ শুরুর দাবি জানান তারা।



