বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
awlad • 1 week আগে
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা, প্রজ্ঞা সংবাদ
নেত্রকোনার কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দখল হয়ে থাকা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিদ্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত ও দখল হয়ে থাকা জমি উদ্ধার করে শিক্ষার জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে তৎকালীন মহকুমা প্রশাসনের আদেশের মাধ্যমে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের নামে ৩ দশমিক ৯৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়। পরে ১৯৮১ সালে ওই জমি বিদ্যালয়ের নামে নামজারি করা হয়। বর্তমানে বিদ্যালয়ের দখলে রয়েছে প্রায় ২ দশমিক ৬২ একর জমি। বাকি প্রায় ১ দশমিক ৩১ একর জমি রঞ্জমোহন দত্ত গংয়ের ব্যক্তিদের দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, একসময় বিদ্যালয়ের কাছ থেকে ভাড়া নিয়ে ওই জমিতে বিভিন্ন ব্যক্তি ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করতেন। পরবর্তীতে কথিত কাগজপত্রের মাধ্যমে তারা জমিগুলো নিজেদের দখলে নিয়ে নেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।
এদিকে বিদ্যালয়ের নামে ছাত্রাবাস নির্মাণের জন্য নির্ধারিত জায়গার একটি অংশও দখল হয়ে থাকার অভিযোগ উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, তৎকালীন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আমার হোসেন আজাদের নামে বন্দোবস্ত নেওয়ার মাধ্যমে ওই জায়গার একটি অংশ দখল করা হয়েছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমি দখলে থাকলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। তাই বিদ্যালয়ের জমির সীমানা সঠিকভাবে নির্ধারণ করে সরকারি রেকর্ড ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে দখলকৃত জমি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিদ্যালয়ের নামে বরাদ্দ ও নামজারি করা সব জমি সরেজমিনে পরিমাপ করে অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি উদ্ধার করা জমিতে বিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামো, ছাত্রাবাস ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে তোলার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের জমি উদ্ধার করা না হলে তারা শান্তিপূর্ণভাবে আরও কর্মসূচি পালন করবেন।



