Sunday, 23 August 2026 11:10:05 PM লাইভ
জেলা নির্বাচন করুন মোট ৬৪টি জেলা
পরিবেশবান্ধব নির্মাণে দৃষ্টান্ত মাদারগঞ্জ জামে মসজিদ
জাতীয়

পরিবেশবান্ধব নির্মাণে দৃষ্টান্ত মাদারগঞ্জ জামে মসজিদ

awlad  •  1 week আগে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত ও ঋতুচক্রের পরিবর্তন ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এমন বাস্তবতায় নির্মাণ খাতে পরিবেশবান্ধব ও টেকসই উপকরণের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব নির্মাণের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামে ইএসডিওর নিজস্ব অর্থায়নে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১ হাজার ৯০০ বর্গফুট আয়তনের মাদারগঞ্জ জামে মসজিদ। মসজিদটির নির্মাণে প্রচলিত পোড়া ইটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব হলো ব্লক। এতে প্রায় ২ হাজার ৬০০টি হলো ব্লক ব্যবহার করা হয়েছে।

আকারের হিসাবে একটি হলো ব্লক প্রায় চারটি প্রচলিত পোড়া ইটের সমপরিমাণ। সে হিসেবে ব্যবহৃত ২ হাজার ৬০০টি হলো ব্লক প্রায় ১০ হাজার ৪০০টি পোড়া ইটের সমপরিমাণ নির্মাণকাজের প্রতিনিধিত্ব করছে।

বর্তমানে মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি। ধর্মীয় প্রয়োজন পূরণের পাশাপাশি মসজিদটি স্থানীয় মানুষের কাছে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর একটি বাস্তব উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে।

ইএসডিও জানিয়েছে, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি বাস্তব স্থাপনায় এর প্রয়োগ দেখানোর লক্ষ্যেই মসজিদটি নির্মাণ করা হয়েছে। ১ হাজার ৯০০ বর্গফুটের একটি পূর্ণাঙ্গ ধর্মীয় স্থাপনায় হলো ব্লকের ব্যবহার স্থানীয় মানুষকে বিকল্প নির্মাণসামগ্রীর ব্যবহার ও কার্যকারিতা কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে।

‘ইএসডিও আমাদের প্রত্যাশার চেয়েও বড় উপহার দিয়েছে’

মসজিদটি নির্মাণ করে দেওয়ায় ইএসডিওর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আশরাফ আলী।

তিনি বলেন, “একটি সুন্দর ও স্থায়ী মসজিদ ছিল আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। ইএসডিও সেই প্রত্যাশা পূরণ করেছে। এখন শতাধিক মুসল্লি এখানে সুন্দর পরিবেশে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারছেন।”

তিনি আরও বলেন, “মসজিদটি পরিবেশবান্ধব হলো ব্লক দিয়ে নির্মাণ করায় আমরা আনন্দিত। এর মাধ্যমে ধর্মীয় প্রয়োজন পূরণের পাশাপাশি এলাকার মানুষ নতুন ও পরিবেশবান্ধব নির্মাণপ্রযুক্তি সম্পর্কেও জানতে পারছেন।”

মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. রায়হানুল ইসলাম বলেন, “১৬ লাখ টাকা ব্যয়ে একটি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ করে দেওয়া আমাদের জন্য বড় সহযোগিতা। এলাকার মানুষের একার পক্ষে এত বড় কাজ বাস্তবায়ন করা কঠিন ছিল। ইএসডিও পাশে দাঁড়ানোয় আজ আমরা একটি সুন্দর মসজিদ পেয়েছি।”

তিনি আরও বলেন, “মসজিদটি পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি হওয়ায় আমরা আশা করি, এটি দেখে এলাকার অন্য মানুষও বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারে আগ্রহী হবেন।”

উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার বার্তা

ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; আমরা প্রতিনিয়ত এর প্রভাব অনুভব করছি। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিবেশের কথা ভাবতে হবে।”

তিনি বলেন, “পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার শুধু আলোচনা বা প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর বাস্তব প্রয়োগ দেখানো প্রয়োজন। প্রচলিত পোড়া ইটের কার্যকর বিকল্প ব্যবহার করেও সুন্দর ও কার্যকর স্থাপনা নির্মাণ করা সম্ভব। মাদারগঞ্জ জামে মসজিদ সেই চিন্তারই একটি বাস্তব উদাহরণ।”

ড. মুহম্মদ শহীদ উজ জামান আরও বলেন, “একটি মসজিদ মানুষের ধর্মীয় জীবনের পাশাপাশি সামাজিক বন্ধনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এই স্থাপনাকে পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে যুক্ত করে আমরা দেখাতে চেয়েছি—মানুষের কল্যাণ, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা একসঙ্গেই এগিয়ে নেওয়া সম্ভব।”

মাদারগঞ্জ জামে মসজিদ নির্মাণে ইএসডিওর ১৬ লাখ টাকার বিনিয়োগ শুধু একটি ধর্মীয় স্থাপনা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশ সচেতনতা, বিকল্প নির্মাণসামগ্রীর ব্যবহার এবং টেকসই নির্মাণপ্রযুক্তির বাস্তব প্রয়োগের বার্তাও ছড়িয়ে দিচ্ছে এই উদ্যোগ।

প্রতিদিন শতাধিক মুসল্লির সমাগম হওয়া মসজিদটি তাই স্থানীয় মানুষের ধর্মীয় প্রয়োজন পূরণের পাশাপাশি পরিবেশবান্ধব নির্মাণের একটি দৃশ্যমান উদাহরণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণে মানুষকে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর

সরাসরি খবর পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইমেইলে পান