Sunday, 23 August 2026 10:40:11 PM লাইভ
জেলা নির্বাচন করুন মোট ৬৪টি জেলা
লোহাগাড়া বাজারে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন, ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক সভা
জাতীয়

লোহাগাড়া বাজারে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন, ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক সভা

awlad  •  3 weeks আগে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া বাজারে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) লোহাগাড়া মসজিদ মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা ফিতা কেটে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে পূবালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শুধু শহর নয়, গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের কাছেও নিরাপদ ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহেদী হাসান তানিন বলেন, বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আর্থিক ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল করবে। এতে গ্রাহকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে।

লোহাগাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন আধুনিক অর্থনীতির অপরিহার্য অংশ। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও বড়—সব ধরনের ব্যবসায়ী সহজেই নিরাপদে লেনদেন করতে পারবেন।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায়। তিনি বলেন, বাংলা কিউআর ব্যবহারের ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ব্যবসায়ীদের লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষকে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবসা-বাণিজ্যকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করবে। তবে প্রত্যন্ত অঞ্চলে এর বিস্তার ঘটাতে স্বল্পমূল্যে স্মার্টফোন সহজলভ্য করারও দাবি জানান তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে লোহাগাড়া বাজারে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ব্যবহার বৃদ্ধি পাবে এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর

সরাসরি খবর পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইমেইলে পান